চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ম্যাডাম। সকাল ৮টায় শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আগমনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ৮টা ৪০ মিনিটে শিক্ষক-স্টাফদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের আগমন শুরু হয়।
সকাল ৯টা ৪৫ মিনিটে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করা হয়, যা ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সকাল ১০ টায় আমন্ত্রিত অতিথি ও শিক্ষকবৃন্দ মেলার বিভিন্ন স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন। এবারের মেলায় শতাধিক স্টল অংশগ্রহণ করে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাবকে তুলে ধরে।
পরবর্তীতে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আজমাইন আহসান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী রিদিমার পরিবেশনায় নৃত্য এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের আবৃত্তি ছিল উল্লেখযোগ্য।
শেষ পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ফটোসেশন ও অধ্যক্ষের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।
আরও ছবি দেখুন: ক্লিক