চট্টগ্রাম, ১৮ এপ্রিল, ২০২৬ :
১৮ এপ্রিল, ২০২৬ তারিখে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ, সহ: প্রধান, শ্রেণি শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এর পর সমন্বয়কারী সূচনা বক্তব্য প্রদান করেন। শ্রেণিশিক্ষক, সহ:প্রধান ও উপাধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এসময় তাঁরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সততা ও অধ্যবসায় দিয়ে জীবনে সফল হওয়ার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে স্কুল প্রিফেক্ট মুমতাহিনা ইফাত খান ও আজমাইন মাহতাব ইরাম শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। দশম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তী, প্রারম্ভিকা ও তাদের দল “পুরানো সেই দিনের কথা” গানের মধ্য দিয়ে উপস্থিত সবাইকে স্মৃতিকাতর করে তোলে। পরবর্তীতে ফাইনাল মডেল টেস্টে প্রতি সেকশন থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছাস্মারক তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়।
পরে বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সততার সাথে নির্ভয়ে পরীক্ষা দিতে পরামর্শ দেন। এরপর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাউসার আলমের পরিচালনায় সবাই মোনাজাতে অংশগ্রহণ করেন। সবশেষে নির্দিষ্ট কক্ষে শ্রেণিশিক্ষকগণ ১৬৫ জন শিক্ষার্থীদের নাস্তা, রেজি: কার্ড, প্রবেশপত্র, ফাইল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছাস্মারক তুলে দেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাহজাবিন মুস্তারিন মম ও অহিন জামান। ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।